মে ১০, ২০২৬, ১২:১৮ পিএম
ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি চলচ্চিত্র অঙ্গনে থালাপতি বিজয় হিসেবে পরিচিত। রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে শপথ পাঠ করান।
শপথ গ্রহণের পর নিজের প্রথম ভাষণে বিজয় নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দেন। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমি কোনো ফেরেশতা নই, আমি একজন সাধারণ মানুষ। আমরা আপনাদের দেখাশোনা করব।’
তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর কোনো রাজকীয় বংশমর্যাদা নেই এবং সাধারণ শিকড় থেকে আসার কারণেই জনগণ তাঁকে সাদরে গ্রহণ করেছে।শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে বিজয় বলেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারণা করবেন না।
তিনি একটি প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের যুগ গড়ার অঙ্গীকার করেন। সরকার পরিচালনার বিষয়ে তিনি স্পষ্ট করে জানান, তাঁর সরকারে ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না এবং সব নীতির জন্য তিনি নিজেই দায়বদ্ধ থাকবেন। রাজ্যের আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য একটি ‘শ্বেতপত্র’ প্রকাশের বিষয়টিও বিবেচনা করার আশ্বাস দেন তিনি।নির্বাচনি হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি রুপি। এর মধ্যে ২১৩ কোটি রুপি সঞ্চয়ী হিসেবে এবং ১০০ কোটি রুপি বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে রয়েছে।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করেছে। বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা অর্জনে তাঁকে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের বিধায়করা সমর্থন দিয়েছেন। বর্তমানে বিধানসভায় এই জোটের শক্তি ১২০ জন বিধায়ক।
শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, বিজয়ের বাবা-মা এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, জনগণের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু রাজ্য সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাবে।
বিজয়ের মন্ত্রিসভায় আরও নয়জন সদস্য শপথ নিয়েছেন। তাঁরা হলেন—এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু ও সেলভি এস কীর্তনা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন