রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুখ্যমন্ত্রী হয়ে বিনামূল্যে বিদ্যুৎ ও মাদক নির্মূলের ঘোষণা বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ০১:০৭ পিএম

মুখ্যমন্ত্রী হয়ে বিনামূল্যে বিদ্যুৎ ও মাদক নির্মূলের ঘোষণা বিজয়ের

নির্দেশে সই করছেন বিজয়।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই একাধিক জনকল্যাণমূলক ও কঠোর প্রশাসনিক নির্দেশে স্বাক্ষর করেছেন থালাপতি বিজয়। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, মাদকবিরোধী কঠোর পদক্ষেপ এবং নারীদের নিরাপত্তা জোরদারের বিশেষ উদ্যোগ।

রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শপথ গ্রহণের পর সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবস শুরু করেন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয়।

প্রথম দিনেই বিজয় ঘোষণা করেন, রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের কোনো বিল দিতে হবে না। এছাড়া মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠন এবং সার্বক্ষণিক হেল্পলাইন চালুর বিষয়েও তিনি গুরুত্বারোপ করেছেন।

শপথ পরবর্তী ভাষণে বিজয় নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে দাবি করেন। তিনি বলেন, ‘আমি কোনো ফেরেশতা বা রাজকীয় বংশের কেউ নই। একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা দেখেছি, অপমান সহ্য করেছি। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন বলেই আমি আজ এখানে।’রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিজয়। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী ডিএমকে সরকার রাজ্যের কোষাগার শূন্য করে দিয়েছে এবং বর্তমানে প্রায় ১০ লাখ কোটি রুপি ঋণ রয়েছে। 

বিজয় প্রতিশ্রুতি দেন যে জনগণের অর্থের অপচয় হতে দেবেন না এবং স্বচ্ছতার সাথে রাজ্য পরিচালনা করবেন।নতুন সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক বিষয়ের ওপর জোর দেওয়ার কথা জানান। এছাড়া কৃষক ও মৎস্যজীবীদের কল্যাণে তাঁর সরকার নিবিড়ভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন।

নিজের ভাষণে তিনি ‘নতুন যুগের বাস্তব, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ের’ প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ সব জোটসঙ্গীদের ধন্যবাদ জানান। সাধারণ মানুষের জন্য কাজ করার লক্ষ্যে তিনি কোনো জোটসঙ্গীর চাপে নতিস্বীকার করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।