মে ১০, ২০২৬, ০৪:০৮ পিএম
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমস্যার সম্মুখীন হবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া। রোববার (১০ মে) এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।
ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তারা এখন থেকে নিশ্চিতভাবে সমস্যার সম্মুখীন হবে।
দীর্ঘ সময় ধরে ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পদাঙ্ক অনুসরণ করে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াসহ আরও বেশ কিছু দেশ তেহরানের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মূলত ইরানের অস্ত্র কর্মসূচি, মানবাধিকার ইস্যু এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়নের অভিযোগ তুলে দেশগুলো এই নিষেধাজ্ঞা বজায় রেখেছে।
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বর্তমানে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি আসলো।
উল্লেখ্য, সম্প্রতি কাতার উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ঘটনা ঘটেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে ইরানের সামরিক কর্মকর্তার এই বক্তব্য বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন