রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শক্তিশালী ‍‍`সারমাত‍‍` ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৩:৩৪ পিএম

শক্তিশালী ‍‍`সারমাত‍‍` ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

নতুন প্রজন্মের অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‍‍`সারমাত‍‍`-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ হিসেবে দাবি করেছেন।বুধবার আল জাজিরা জানায়, রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভের একটি ভিডিও প্রকাশ করা হয়। 

সেখানে তিনি প্রেসিডেন্ট পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়ে বিস্তারিত অবহিত করেন। পরে পুতিন ঘোষণা দেন, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্র রুশ সামরিক বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হবে।

রুশ প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে জানান, সারমাতের ওয়ারহেডের ক্ষমতা পশ্চিমা বিশ্বের যেকোনো সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় চার গুণ বেশি। তাঁর দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রটি সাব-অরবিটাল ফ্লাইটে সক্ষম হওয়ায় এটি ৩৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। পুতিন আরও উল্লেখ করেন, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র বর্তমান ও ভবিষ্যতের যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ভেদ করতে পারবে।

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে উন্নয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে এই সারমাত। ২০১১ সালে এর কাজ শুরু হলেও এখন পর্যন্ত এর মাত্র দুটি সফল পরীক্ষার তথ্য প্রকাশ্যে এসেছে। ২০২৪ সালে একটি পরীক্ষার সময় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলেও নতুন এই পরীক্ষাটি সফল হয়েছে বলে দাবি মস্কোর।পশ্চিমা বিশ্বে ‍‍`স্যাটান ২‍‍` নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি মূলত পুরোনো সোভিয়েত আমলের ‍‍`ভয়েভোদা‍‍` ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, সারমাত ভয়েভোদার মতোই শক্তিশালী হলেও এর লক্ষ্যভেদের নির্ভুলতা অনেক বেশি।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‍‍`নিউ স্টার্ট‍‍`-এর মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এই চুক্তির অনুপস্থিতিতে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তি কোনো আনুষ্ঠানিক সীমাবদ্ধতা ছাড়াই অস্ত্র উন্নয়নের সুযোগ পাচ্ছে। যদিও দুই দেশ সামরিক সংলাপ পুনরায় চালুর বিষয়ে একমত হয়েছে, তবে নতুন কোনো চুক্তির বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই।

২০১৮ সালে প্রথম সারমাত ক্ষেপণাস্ত্র উন্মোচন করেন পুতিন। একই সময়ে তিনি ‍‍`আভানগার্ড‍‍` হাইপারসনিক গ্লাইড যানসহ আরও কয়েকটি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার ঘোষণা দিয়েছিলেন। রাশিয়া বর্তমানে পারমাণবিক সক্ষম ‍‍`পোসাইডন‍‍` ডুবো ড্রোন এবং ক্ষুদ্র পারমাণবিক চুল্লিচালিত ‍‍`বুরেভেস্টনিক‍‍` ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে। মূলত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলা করতেই এসব অস্ত্র তৈরি করা হচ্ছে বলে জানান রুশ প্রেসিডেন্ট।