সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নাকবা দিবসে গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২৬, ১০:০৭ এএম

নাকবা দিবসে গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত অন্তত ৭

গাজায় ইসরাইলের বিমান হামলা

নাকবা দিবসের ৭৮তম বার্ষিকীতে গাজায় ইসরাইলের বিমান হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির একটি আবাসিক ভবন ও একটি বেসামরিক যানবাহনে পৃথক দুটি হামলা চালানো হয়। এতে আরও অন্তত ৪৫ জন আহত হয়েছেন এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত ফিলিস্তিনিদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে।পশ্চিম গাজা সিটির রিমাল এলাকার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চারজন এবং একটি বেসামরিক যানবাহনে হামলায় তিনজন মারা যান। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কোনো ধরনের আগাম সতর্কতা বা নোটিশ ছাড়াই এই হামলা চালানো হয় বলে গাজার সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

আবাসিক ভবনটিতে শত শত মানুষ বসবাস করছিলেন। গাজায় ইসরাইলের বিমান হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনটিতে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে তীব্র আতঙ্ক দেখা দেয়। এতে অনেক ফিলিস্তিনিকে নিজের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে পালাতে বাধ্য হতে হয়েছে।

১৯৪৮ সালের যুদ্ধে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আনুমানিক সাড়ে সাত লাখ ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়েছিলেন। সেই ঘটনার স্মরণে প্রতিবছর এই নাকবা দিবস পালন করা হয়।