মে ১৮, ২০২৬, ১০:৪৫ এএম
জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় দেশটির আকাশে পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখার বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া গেছে বলে জানা গেছে। ঘোষণাটি এসেছে করাচি থেকে।
সেখানে অনুষ্ঠিত কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খাবির আজাদ এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানান।তিনি জানান, দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার ছিল, তবে কিছু স্থানে মেঘলা আবহাওয়া দেখা গেছে।
করাচিসহ সিন্ধুর বিভিন্ন শহর ছাড়াও মারদান, রাওয়ালপিন্ডি এবং পেশোয়ার থেকে চাঁদ দেখার নির্ভরযোগ্য সাক্ষ্য মিলেছে। সবাই চাঁদ দেখেছেন। সবার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৮ মে সোমবার থেকে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাস গণনা শুরু হবে, যার ফলে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে।
একই দিনে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে সৌদি আরবেও পবিত্র কোরবানি ঈদ উদযাপিত হবে বলে দেশটির চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন