মে ১৮, ২০২৬, ১১:৩৫ পিএম
ইরান যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিশ্বব্যাপী বাণিজ্যিক তেলের মজুত অত্যন্ত দ্রুত গতিতে ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএর প্রধান ফাতিহ বিরল এ নিয়ে বড় ধরনের সতর্কতা জারি করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, বর্তমানে বিশ্ববাজারে যে পরিমাণ বাণিজ্যিক তেলের মজুত অবশিষ্ট রয়েছে তা দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ চলা সম্ভব হতে পারে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্প্রতি জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থপ্রধানদের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হয়।ওই বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাতিহ বিরল বৈশ্বিক তেলের এই বড় সংকটের কথা জানান।
তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জরুরি কৌশলগত তেল রিজার্ভ থেকে প্রতিদিন ২৫ লাখ ব্যারেল করে তেল বিশ্ববাজারে সরবরাহ করা হচ্ছে। তবে এই জরুরি রিজার্ভ কিন্তু চিরকাল থাকবে না এবং এর একটি সুনির্দিষ্ট শেষ আছে।
আইইএ প্রধান আরও জানিয়েছেন, উত্তর গোলার্ধে এখন বসন্তকালীন ফসল রোপণ এবং গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম শুরু হতে যাচ্ছে। এর সরাসরি প্রভাবে বাজারে ডিজেল, সার, জেট ফুয়েল ও পেট্রোলের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। বাড়তি এই চাহিদা তেলের বর্তমান মজুতকে আরও দ্রুত খালি করে ফেলবে বলে তিনি উল্লেখ করেন।
বাণিজ্যিক তেলের মজুত আর কতদিন টিকবে এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে ফাতিহ বিরল বলেন, বর্তমান মজুত দিয়ে বড়জোর কয়েক সপ্তাহ চলা যেতে পারে। তবে আসল সত্য হলো এই মজুত অত্যন্ত দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে এবং এ বিষয়ে আমাদের সবার এখনই সচেতন হওয়া অত্যন্ত আবশ্যক।
তথ্যসূত্র: রয়টার্স


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন