রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জনপ্রিয় টিকটক তারকাকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২৬, ১২:৪৩ পিএম

জনপ্রিয় টিকটক তারকাকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

সানা ইউসুফ হত্যা

পাকিস্তানে ১৭ বছর বয়সী টিকটক তারকা সানা ইউসুফকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দোষী সাব্যস্ত ওই ব্যক্তির নাম উমর হায়াত। গত বছরের জুনে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সানার বাড়িতে ঢুকে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়।এই হত্যাকাণ্ডের রায় পাকিস্তানজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

২৩ বছর বয়সী উমর হায়াত গত জুলাইয়ে আদালতে নিজের অপরাধ স্বীকার করে। অনলাইনে কিছু কথোপকথনের পর সানার প্রতি তার একতরফা আকর্ষণ তৈরি হয়েছিল। হত্যার কয়েকদিন আগে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সে জোরপূর্বক সানার ইসলামাবাদস্থিত বাড়িতে পৌঁছায়। সেখানে দুজনের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয় এবং তা একপর্যায়ে হত্যাকাণ্ডে রূপ নেয়।

আদালত উমর হায়াতকে নিহতের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।রায়ের পর নিহত তারকার বাবা সৈয়দ ইউসুফ হাসান গণমাধ্যমে কথা বলেছেন। তিনি মনে করেন এই সিদ্ধান্ত সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা হিসেবে কাজ করবে। 

ঘটনার পরপর পুলিশ ইসলামাবাদ ও পাঞ্জাবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১১৩টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেয়।মৃত্যুর আগে টিকটকে সানার দশ লাখ এবং ইনস্টাগ্রামে আরও পাঁচ লাখ ফলোয়ার ছিল। ফ্যাশন ট্রেন্ড, গানের সঙ্গে লিপসিঙ্ক এবং বন্ধুদের সঙ্গে আড্ডার হালকা মেজাজের কন্টেন্ট বানিয়ে তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন।

তার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে কিছু ইন্টারনেট ব্যবহারকারী তীব্র সমালোচনা শুরু করে। ডিজিটাল অধিকার সংগঠন বলো ভি-এর পরিচালক উসামা খিলজি জানান, অল্প কিছু পুরুষ ব্যবহারকারী ধর্মীয় যুক্তি দেখিয়ে উল্টো সানাকেই দোষারোপ করছে। তারা নিহত তারকার ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্ট বন্ধ করারও পরামর্শ দেয়। মানবাধিকার কর্মী ফারজানা বারি এই প্রতিক্রিয়াকে চরম নারীবিদ্বেষী ও পিতৃতান্ত্রিক মানসিকতা বলে আখ্যা দিয়েছেন।