রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হজযাত্রীদের সতর্কবার্তা দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৩, ২০২৬, ১০:৫৪ পিএম

হজযাত্রীদের সতর্কবার্তা দিল সৌদি আরব

মুজদালিফায় তীব্র তাপপ্রবাহ

সৌদি আরবে তাপমাত্রা তীব্রভাবে বাড়ায় হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আজ শনিবার মিনা ও মুজদালিফায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দুপুরের দিকে বাতাসের গতিবেগ কম থাকলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা রয়েছে। 

এমন পরিস্থিতিতে বাংলাদেশি হজযাত্রীদের তীব্র গরমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।তীব্র এই গরমের মধ্যে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুতির স্তর বাড়াতে বলেছে সৌদি কর্তৃপক্ষ।

নিরাপত্তার স্বার্থে হাজিদের সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুপুরের তীব্র রোদে বাইরে হাঁটাচলা না করে হাজিদের যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। 

সৌদি হজ মন্ত্রণালয় থেকে সতর্কবার্তায় বলা হয়, রোদে বের হলে ছাতা ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া শরীর সতেজ রাখতে প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষের জারিকৃত স্বাস্থ্যবিধি ও পরিচালন নির্দেশনা মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাজিদের নিরাপত্তার জন্য সকল স্বাস্থ্য বার্তা অনুসরণ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। তীব্র তাপপ্রবাহের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকারও সকল হজযাত্রীকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেছে।