রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এআই’র স্মার্ট হওয়া ঠেকাতে ওপেনএআইয়ে সাড়ে ৫ কোটির চাকরি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ১১:২০ পিএম

এআই’র স্মার্ট হওয়া ঠেকাতে ওপেনএআইয়ে সাড়ে ৫ কোটির চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি দ্রুত উন্নত হওয়ায় ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গবেষক নিয়োগ দিচ্ছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি বছরে সর্বোচ্চ ৪ লাখ ৪৫ হাজার ডলার বা প্রায় সাড়ে ৫ কোটি টাকা বেতনে এই পদের জন্য লোক খুঁজছে। এআই যেন মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই নিজেকে আরও বেশি স্মার্ট করতে না পারে, সেই ঝুঁকি বিশ্লেষণ করাই হবে এই গবেষকের মূল কাজ।

পদটি ওপেনএআইয়ের ‘প্রিপারেডনেস’ নিরাপত্তা টিমের অধীনে কাজ করবে।চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, প্রার্থীকে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি কৌশল ও বিচক্ষণ হতে হবে। তাদের মূল লক্ষ্য ‘রিকার্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা পুনরাবৃত্ত স্ব-উন্নয়ন ধারণা নিয়ে কাজ করা। 

ভবিষ্যতে কোনো এআই সিস্টেম নিজেই যদি আরও উন্নত সংস্করণ তৈরিতে সক্ষম হয়, তবে মানুষের তদারকি সীমিত হয়ে পড়বে— আর এই ঝুঁকি আগে থেকেই চিহ্নিত করতে হবে।উন্নত এআই মডেলের ওপর নিরাপত্তা পরীক্ষা চালানো হবে।

গবেষকদের কাজ হবে এআইয়ের অস্বাভাবিক আচরণ শনাক্ত করা এবং ‘ডেটা পয়জনিং’ থেকে মডেলকে সুরক্ষিত রাখা। বর্তমানে গুগল ডিপমাইন্ড ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো এআই সক্ষমতা বাড়ানোর দৌড়ে এগিয়ে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এআই এজেন্টরা খুব দ্রুত জটিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ সামলাতে সক্ষম হবে, যা প্রযুক্তি জগতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি