শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

অচল নয় ঢাকার এআই ক্যামেরা দাবি ডিএমপির

জাতীয় ডেস্ক

জুন ২০, ২০২৬, ০১:৪১ পিএম

অচল নয় ঢাকার এআই ক্যামেরা দাবি ডিএমপির

ডিএমপির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ট সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ গণমাধ্যমকে জানান যে কারওয়ান বাজার এলাকায় ক্যামেরা ব্যবস্থার কার্যক্রম সাময়িকভাবে কিছুটা ব্যাহত হয়েছিল। মূলত ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোর কিছু সংস্কার কাজ চলার সময় অসাবধানতাবশত মূল সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে যায়। প্রয়োজনীয় কারিগরি মেরামত শেষে তাৎক্ষণিকভাবে ক্যামেরাগুলো আবারও পুরোপুরি সচল করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

নাম প্রকাশে অবিচ্ছুক ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য জানিয়েছেন যে মাটির নিচে থাকা সংযোগ তার ইঁদুরে কেটে দেওয়ার কারণে এই দুই সিগন্যালে সমস্যা তৈরি হয়েছিল। এর ফলে প্রায় ৪৮ ঘণ্টা সেখানে স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারি সাময়িকভাবে বন্ধ ছিল। তবে দ্রুততম সময়ের মধ্যে কারিগরি দল ত্রুটি দূর করে পুনরায় পুরো সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি স্বয়ংক্রিয় ক্যামেরা চালু রয়েছে এবং আরও একটি ক্যামেরা বসানোর কাজ চলমান রয়েছে।

রাজধানীতে ট্রাফিক নজরদারি আধুনিক করতে এই প্রযুক্তি বন্ধ করার কোনো পরিকল্পনা পুলিশের নেই। বর্তমানে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ১১০টি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা চালু রয়েছে। আরও ১০টি নতুন ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে যা শেষ হলে মোট সংখ্যা দাঁড়াবে ১২০টিতে।

সড়ক পরিবহন আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নম্বর প্লেট শনাক্ত করে মামলা দেওয়ার এই আধুনিক ব্যবস্থা পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে সম্প্রসারণ করা হবে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সড়কে দীর্ঘদিনের বিশৃঙ্খলা ও যানজট কমানোর এই মহাপরিকল্পনা কোনোভাবেই থমকে যাবে না বলে ট্রাফিক কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।