জুন ৫, ২০২৬, ১২:৩৫ পিএম
কলকাতার টালিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও কমিটি নিয়ে চলা দীর্ঘদিনের দ্বন্দ্ব বৃহস্পতিবার সহিংসতায় রূপ নিয়েছে। টেকনিশিয়ান স্টুডিও ও টালিগঞ্জ এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ডিম, পাথর ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।স্টুডিওপাড়ার পরিস্থিতি গত দুই দিন ধরেই উত্তপ্ত ছিল।
বুধবার বিধানসভার বিধায়ক পাপিয়া অধিকারী বৈঠকের পর ঘোষণা করেন, টালিউড ফেডারেশন নামে আর কোনো একক সংগঠন থাকবে না। দিল্লি থেকে কো-ফেডারেশনের মাধ্যমে ইন্ডাস্ট্রি পরিচালনা করা হবে। এই সিদ্ধান্তে বেশ কয়েকজন নেতার পদ ছাড়ার কথা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই সংঘাত শুরু হয়ে যায়।
দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে ফেডারেশন।ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান ও সহ-সম্পাদক নিরুপম দে বাবাইকে সরানোর সিদ্ধান্ত নিয়েই মূলত এই সংঘাতের সূত্রপাত। একদল নেতা এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিলেও অপর পক্ষ কঠোর প্রতিবাদ জানায়।
পাপিয়া অধিকারী এ সময় ‘ডি কিউব’ ফর্মুলা—ডিটেক্ট, ডিলিট এবং ডিপোট-এর কথা উল্লেখ করে বলেন, ইন্ডাস্ট্রির মঙ্গলের জন্য বিতর্কিতদের চিহ্নিত করে সরানো হবে।দুই হাজার সদস্যের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।নতুন কো-ফেডারেশনের অধীনে গিল্ডের কিছু সদস্যকে বাদ দেওয়ার প্রতিবাদে সরব হন ভুক্তভোগীরা। তারা ও পাপিয়া অধিকারীর সঙ্গে আলোচনার দাবি তুললে অপরপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বাগবিতণ্ডা ইট ও পাথর নিক্ষেপের ঘটনায় রূপ নেয়।
সংঘাতের পেছনে রাজনৈতিক যোগসাজশের অভিযোগও উঠেছে।ঘটনার সময় অনেককেই চোর বলে স্লোগান দিতে শোনা গেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলছে। ইন্ডাস্ট্রির স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে দুই পক্ষের মধ্যে এই অস্থিতিশীলতা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন