জুন ৬, ২০২৬, ১২:৩৮ পিএম
ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পরিচালিত হচ্ছে। আন্দোলনকে কেন্দ্র করে শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।প্রধানমন্ত্রীর বাসভবনসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিক্ষোভকারীরা বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস এবং অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ দাবি করেছেন। মূলত এনইইটি-ইউ ২০২৬, সিইউইটি এবং এসএসসি জিডির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকেই দীপকে পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে অনুমতি নিয়ে বিক্ষোভস্থলে যোগ দেন।জনপ্রিয় অধিকারকর্মী সোনম ওয়াংচুকও এই বিক্ষোভে সংহতি প্রকাশ করেছেন।
গত মাসে যাত্রা শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই দল। নিজেদের তরুণদের প্ল্যাটফর্ম হিসেবে দাবি করে তারা ভারতের বর্তমান শিক্ষা খাতের কাঠামোগত ব্যর্থতার তীব্র সমালোচনা করছে। হাজার হাজার সমর্থক নিয়ে যন্তর মন্তরের এই সমাবেশ ভারতের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত না হবে, ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। দিল্লি জুড়ে বাড়তি নিরাপত্তার কারণে জনজীবন ও যাতায়াতেও কিছুটা প্রভাব পড়েছে।
তথ্যসূত্র:
,

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন