জুলাই ২২, ২০২৬, ০৯:৫৫ এএম
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আলজাজিরা ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক ঘোষণায় দলটির নেতারা জানান যে পুলিশের বাধা সত্ত্বেও তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
তবে আপাতত নতুন কোনো সংসদ অভিমুখে মিছিলের কর্মসূচি দেওয়া হয়নি।সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আহত হয়েছেন শতাধিক মানুষ।এর আগে সোমবার সংসদ ভবন অভিমুখে চলা ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে যন্তর মন্তরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ হয়। পুলিশ মঞ্চ ভেঙে দেওয়ার পাশাপাশি টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এই সংঘাতে শতাধিক ব্যক্তি আহত হন এবং এক তরুণীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ওপর চাপ বাড়াতে মাঠে নেমেছে প্রধান বিরোধী দল কংগ্রেসও। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় পুলিশ কয়েকজন নেতাকে আটক করে এবং রাহুল গান্ধীর নাক থেকে রক্ত ঝরতে দেখা যায়।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিহত পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আটক সমাজকর্মীদের মুক্তি। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সংলাপের পথ খোলা রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, শিক্ষার্থী ও বিরোধী দলের এই সমন্বিত আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন