বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মোদির ঘোষণার পরও থামছে না দিল্লির শিক্ষার্থী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০১:০৬ পিএম

মোদির ঘোষণার পরও থামছে না দিল্লির শিক্ষার্থী বিক্ষোভ

ছবি - সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরও আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসেননি।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।ককরোচ জনতা পার্টির ব্যানারে চলা এই আন্দোলনের প্রধান সংগঠকরা জানিয়েছেন যে অভিযুক্ত মন্ত্রীর বরখাস্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি থামবে না। এর আগে যন্তর মন্তর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে, যাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বিক্ষোভকারী আহত হন।

এদিকে বিরোধীরাও সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে মাঠে নেমেছেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিযোগ করেন যে বর্তমান প্রশাসনের নীতি দেশের পুরো শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

দেশজুড়ে ছড়িয়ে পড়া এই অসন্তোষ দমনে সরকার ও প্রশাসন নানা পদক্ষেপের কথা বললেও মাঠের পরিস্থিতি এখনও যথেষ্ট উত্তপ্ত রয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শিক্ষা খাতের স্থায়িত্ব ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।