জুলাই ২৪, ২০২৬, ১০:৪৩ এএম
যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য নীতির অংশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ষাটটি প্রধান বাণিজ্য অংশীদার দেশের আমদানিকৃত পণ্যের ওপর দশ থেকে সাড়ে বারো শতাংশ পর্যন্ত নতুন শুল্কারোপ করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়। বিদ্যমান অস্থায়ী দশ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই এই কঠোর পদক্ষেপ কার্যকর হলো।
মার্কিন বাজারে প্রবেশ করা প্রায় নিরানব্বই দশমিক চার শতাংশ পণ্যের ওপর এই নতুন শুল্ক কার্যকর হবে।নতুন এই শুল্কহারকে মূলত তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে দশ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকোসহ সতেরোটি দেশের জন্য।
দ্বিতীয় ক্যাটাগরিতে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর জন্য দশ থেকে সাড়ে বারো শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। আর তৃতীয় ক্যাটাগরিতে চীনসহ বাকি আটত্রিশটি দেশের আমদানিকৃত পণ্যের ওপর সাড়ে বারো শতাংশ শুল্ক বসানো হয়েছে। তবে তেল ও গ্যাস, সার, নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য এবং জাতীয় নিরাপত্তার আওতায় থাকা খাতগুলোকে এই শুল্কের বাইরে রাখা হয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর জানিয়েছে, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি রোধ এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি আইনি সংস্কার করা দেশগুলোতে তুলনামূলক কম শুল্ক ধার্য করা হয়েছে। আগামী মঙ্গলবার রাত পর্যন্ত ট্রানজিটে থাকা পণ্যগুলো এই নতুন শুল্কের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।আন্তর্জাতিক বাণিজ্যে এই নতুন সিদ্ধান্ত বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট বাণিজ্য মহল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন