সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তানের চেকপোস্টে সশস্ত্র হামলা, পুলিশসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ১০:৫৭ এএম

পাকিস্তানের চেকপোস্টে সশস্ত্র হামলা, পুলিশসহ নিহত ১৫

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশসহ অন্তত সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই সহিংস ঘটনায় আরও বিশ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।বুধবার জেলার পুলিশ কর্মকর্তা তারিক হাবিব গণমাধ্যমকে জানান, হাঙ্গুর খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। 

নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএসপি মুজাহিদ হুসেইনও রয়েছেন। হামলা শুরুর পর পুলিশ তাৎক্ষণিকভাবে আত্মরক্ষা ও প্রতিরোধ গড়ে তোলে এবং পালটা গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর পালটা আক্রমণে কমপক্ষে আট হামলাকারী নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সীমান্তসংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে বারবার আফগান প্রশাসনের বিরুদ্ধে সীমান্তবর্তী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

তবে কার্যকর ব্যবস্থা নেওয়া না হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সীমান্ত পেরিয়ে আসা হামলার জবাবে পাকিস্তান সামরিক বাহিনী বিশেষ অভিযান শুরু করে। সাম্প্রতিক এই রক্তক্ষয়ী সংঘাত দুই দেশের মধ্যকার ভূরাজনৈতিক ও সীমান্ত সুরক্ষার সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে।