আগস্ট ১, ২০২৬, ১০:১৬ এএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পসের একটি ঘাঁটিতে দেশটির অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে রানওয়ের কিছুটা সামনে বিমানটি আছড়ে পড়ে এবং মুহূর্তে তাতে আগুন ধরে যায়। চারদিক কালো ধোয়ায় ঢেকে গেলেও সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।দুর্ঘটনার পর বিমানের পাইলট নিরাপদে প্যারাস্যুটের মাধ্যমে বেরিয়ে আসতে সক্ষম হন।
মার্কিন সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত একক আসনের এফ-৩৫বি লাইটনিং-২ যুদ্ধবিমানটি মেরিন এয়ারক্রাফট গ্রুপ এগারোটার অন্তর্ভুক্ত ছিল। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ারফাইটিং ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রাথমিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রেকর্ড করা অডিও সূত্রে জানা গেছে, রানওয়েতে নামার আগেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল।উল্লেখ্য, এফ-৩৫বি যুদ্ধবিমানটিকে বিশ্বের অন্যতম উন্নত ও ব্যয়বহুল স্টেলথ সামরিক বিমান হিসেবে গণ্য করা হয়, যা রাডারে সহজে ধরা পড়ে না এবং উল্লম্বভাবে অবতরণ করতে সক্ষম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন