আগস্ট ৭, ২০২৬, ১০:১৭ এএম
সংগঠনের কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের লক্ষে জাতীয় ওয়ার্কিং কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। তরুণ নেতৃত্বকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এই কমিটির মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।শহরে অবস্থিত প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসভবনে অনুষ্ঠিত কোর টিমের দুই দিনের দীর্ঘ বৈঠক শেষে এই নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ত্রিশ বছর বয়সী অভিজিৎ দীপকেকে জাতীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রধান মুখপাত্র সাতাশ বছর বয়সী সৌরভ দাস এবং মুখপাত্র ত্রিশ বছর বয়সী আশুতোষ রাঙ্কাকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ স্পষ্ট করে জানান যে এই মুহূর্তে সংগঠনটিকে কোনো রাজনৈতিক দলে রূপান্তর করার পরিকল্পনা নেই। এর পরিবর্তে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই তাদের প্রধান লক্ষ্য।
আগামী ছয় মাসের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে স্টেট কো-অর্ডিনেশন কমিটি এবং লোকসভা ও শহরভিত্তিক সমন্বয় ইউনিট গঠনের রোডম্যাপ বাস্তবায়ন করা হবে। নতুন কমিটিতে পঁয়ত্রিশ বছর বয়সী অজিঙ্ক্য শিন্দেকে জাতীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এবং ছাব্বিশ বছর বয়সী দীপক বালিয়ানকে সাংগঠনিক সহ-দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তরুণ ও পেশাজীবী নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে জাতীয় সম্পাদক পদে আফরিন নওয়াজ, মিডিয়া প্রধান পদে বিজয় রেড্ডি মাল্লাঙ্গি এবং আইনবিষয়ক প্রধান পদে রত্না সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠন পরিচালনার জন্য কোনো ধরনের তহবিল সংগ্রহ করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান মুখপাত্র সৌরভ দাস। তিনি সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শীঘ্রই সিজেপির একটি প্রতিনিধিদল দেখা করবে বলে জানানো হয়েছে। গত মাসে নয়াদিল্লির যন্তর মন্তরে প্রতিবাদী আন্দোলনের পর এই নতুন কমিটি গঠনের মাধ্যমে দলটি তাদের সাংগঠনিক তৎপরতা আরও বিস্তৃত করতে চলেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন