আগস্ট ১৮, ২০২৬, ১০:৫১ এএম
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন পুনরায় ভারতের সঙ্গে একীভূত বা অংশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব। ছত্তিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। একই সঙ্গে এ বিষয়ে ভারতীয়দের একটু ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদেব ধর্মান্তর, সনাতন ধর্ম এবং শাসনব্যবস্থা নিয়েও বিভিন্ন বিষয়ে কথা বলেন। পাকিস্তান ও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, এই দুই প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হচ্ছে, যা মানবসভ্যতার ইতিহাসে অন্যতম নিষ্ঠুরতা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যাদের অতীত রেকর্ডে ত্রুটি রয়েছে, তাদের এ ধরনের বিষয়ে কথা বলা থেকে বিরত থাকা উচিত।
ধর্মীয় পরিস্থিতি সম্পর্কে রামদেব দাবি করেন, বর্তমান ভারতে কোনো নির্দিষ্ট ধর্ম হুমকির মুখে নেই, বরং দেশের সম্মান ও মর্যাদা সংকটের মধ্যে রয়েছে। ধর্মান্তর রোধে প্রণীত আইন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ধর্মের অনুসারীদের ওপর নির্যাতনের অভিযোগগুলো মূলত রাজনৈতিক বক্তব্যের অংশ। তবে ভবিষ্যতে কেউ যেন কোনো ধরনের অন্যায়ের শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন