সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:০৯ পিএম
ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র হুথি বিদ্রোহীদের তৎপরতা ঠেকাতে ইসরায়েলের সাথে পরোক্ষ যোগাযোগ স্থাপন করেছে সৌদি আরব। দুই পক্ষের মধ্যে এই নিরাপত্তা সমন্বয়ে মধ্যস্থতা করছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে প্রকাশিত আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি সামনে আনা হয়েছে। মূলত হুথিদের গতিবিধি সংক্রান্ত গোয়েন্দা তথ্য পেতেই এই উদ্যোগ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান সমর্থিত হুথিদের আক্রমণ থেকে নিজের সীমান্ত ও ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর প্রতিরক্ষা কৌশল সাজাতে চায় রিয়াদ। এ লক্ষ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেন্টকমের কাছে সহায়তা চেয়েছেন এবং সেখানে ইসরায়েলের কাছ থেকে পাওয়া সামরিক গোয়েন্দা তথ্য যুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত করতে বলেছেন।
শুধু তেল আবিবই নয়, হুথি সংকট মোকাবিলায় মিসরসহ উপসাগরীয় অঞ্চলের অন্য আরব দেশগুলোর কাছেও সমান্তরাল সহায়তা চেয়েছে সৌদি প্রশাসন। উত্থাপিত এই দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এছাড়া বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে বার্তা পাঠানো হলেও সেন্টকমের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি নিয়ে নিজস্ব রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক করেছে বলে জানা গেছে।
প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নেতানিয়াহু সরকারকে অনুরোধ জানিয়েছেন যেন তারা হুথিদের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপে সরাসরি না জড়ায়। সামরিক নেতৃত্বের যুক্তি, এতে করে ইসরায়েল সরাসরি সৌদি আরব ও হুথিদের মধ্যকার দীর্ঘস্থায়ী যুদ্ধের ভেতরে জড়িয়ে পড়তে পারে। এ কারণে সামরিক পদক্ষেপের পরিবর্তে পুরো সংকটকে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক সমঝোতা চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন