বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:৪৬ পিএম

মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি ছাত্রাবাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম অনিক চন্দ্র পাল, যিনি বিশ্ববিদ্যালয়টির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার রাতে চাঁনখারপুলের পি. কে. গাঙ্গুলি লেনের একটি আবাসিক ভবনের চতুর্থ তলার মেস থেকে সহপাঠীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনিকের মেসসঙ্গী ও সহপাঠী জয় ভূঁইয়া জানান, সোমবার থেকেই অনিকের সাথে স্বাভাবিক যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার রাতে এক সহপাঠী মুঠোফোনে তাকে না পেয়ে মেসে এসে খোঁজ নেওয়ার অনুরোধ জানান। এরপর তারা অনিকের কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 

কক্ষটি ভেতর থেকে লক করা থাকায় তাদের সন্দেহ হয় এবং জানালার কাচ ভেঙে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে নামিয়ে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ত্রিমাত্রিক ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর সুবাস পাল জানিয়েছেন, খবর পেয়েই তারা হাসপাতালে পৌঁছান এবং শিক্ষার্থীর পরিবারকে অবহিত করেন। 

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল জানিয়েছেন, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। অনিকের পরিবারের সদস্যরা সিলেট থেকে ঢাকায় আসার পর ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। অনিক চন্দ্র পালের পৈতৃক বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হলেও বর্তমানে তার পরিবার সিলেটের শিবগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে।