শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

আসামে নারী শিশুসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১১:৩৯ এএম

আসামে নারী শিশুসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক

ছবি: সংগৃহীত

ভারতের আসামে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের অভিযোগে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। বুধবার গুয়াহাটি ও রাঙ্গিয়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো বা পুশব্যাকের উদ্যোগ নেওয়া হতে পারে।

আসাম পুলিশ তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। আসাম পুলিশের সীমান্ত শাখার উপ-পুলিশ কমিশনার কুলেন্দ্র নাথ ডেকা জানিয়েছেন, সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের অবস্থানের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রথমে গুয়াহাটির আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের চত্বর থেকে ১২ জনকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে রাঙ্গিয়া রেলওয়ে জংশন পার হওয়ার পর আরও ১৫ জনকে আটক করে রেলওয়ে পুলিশ। পরে তাদের বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে নামিয়ে আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ২৭ জনের কারও কাছে ভারতে অবস্থানের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটক ব্যক্তিরা বাংলাদেশের ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও ময়মনসিংহ জেলার বাসিন্দা। এই ব্যক্তিরা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং আসাম পর্যন্ত পৌঁছাতে কোনো সংঘবদ্ধ দালাল চক্র সহায়তা করেছিল কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।