আগস্ট ৭, ২০২৫, ১২:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের একদিন পরই কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপস করবে না, এর জন্য যদি চড়া মূল্য দিতে হয়, তাও ভারত প্রস্তুত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দিল্লিতে ‘এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে’ ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, “কৃষকের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার। কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কখনো আপস করবে না। আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে, তবু আমি প্রস্তুত— ভারত প্রস্তুত।”
এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনার অভিযোগে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছেছে। ট্রাম্প অবশ্য এর আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন, যেখানে তিনি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূমিকা নিয়ে ভারতের অবস্থানকে আমলে নিয়েছিলেন।
গত ৩১ জুলাই ট্রাম্প ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছিলেন। তখন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। সর্বশেষ ঘোষণায় আরও ২৫ শতাংশ শুল্ক যোগ হওয়ায় মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো ৫০ শতাংশ।
এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রে ভারতের কৃষিপণ্য রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য। ট্রাম্প সরকারের নতুন শুল্কনীতি ভারতের এই খাতের ওপর বড় চাপ ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে “অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভারতের জ্বালানি আমদানি একান্তভাবে বাজার বাস্তবতা ও ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা বিবেচনায় করা হয়। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন