সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজার রোগীদের চিকিৎসায় সহায়তা দিতে পশ্চিমা দেশগুলোর প্রস্তাব

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:১০ পিএম

গাজার রোগীদের চিকিৎসায় সহায়তা দিতে পশ্চিমা দেশগুলোর প্রস্তাব

ছবি - সংগৃহীত

গাজা ও পশ্চিম তীরের মধ্যে চিকিৎসা করিডর পুনরায় চালুর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ডজনখানেক পশ্চিমা দেশ। একইসঙ্গে তারা গাজার রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোরও প্রস্তাব দিয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) কানাডা থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, "আমরা ইসরায়েলকে দৃঢ়ভাবে আহ্বান জানাই পশ্চিম তীর, বিশেষত পূর্ব জেরুজালেমে চিকিৎসা করিডর পুনরায় চালু করতে, যাতে গাজা থেকে রোগীদের জরুরি চিকিৎসার জন্য সরিয়ে আনা যায়।"

অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন ও পোল্যান্ডসহ প্রায় দুই ডজন দেশ এই বিবৃতিতে স্বাক্ষর করেছে। তবে যুক্তরাষ্ট্র এতে স্বাক্ষর করেনি। বিবৃতিতে গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

ইসরায়েল এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে দেশটি গাজাবাসীদের পশ্চিম তীর বা পূর্ব জেরুজালেমে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল নিরাপত্তা উদ্বেগকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে।

বর্তমানে কিছু গাজাবাসীকে আরব ও ইউরোপীয় দেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হলেও তা অপ্রতুল। সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, গাজায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাব রয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে যে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। অন্যদিকে, ইসরায়েল দাবি করছে যে, তারা যথেষ্ট পরিমাণ খাদ্য ও সরঞ্জাম প্রবেশের অনুমতি দিচ্ছে।