সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইসরাইলি আগ্রাসনে একদিনে প্রাণ গেল ৭৩ ফিলিস্তিনির

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ১০:২৮ এএম

ইসরাইলি আগ্রাসনে একদিনে প্রাণ গেল ৭৩ ফিলিস্তিনির

ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসন যেন থামছেই না। ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার (১ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।

এই আগ্রাসনে বেসামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজার জায়তুন এলাকায় আল-ফালাহ স্কুলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এখানকার সবচেয়ে ভয়াবহ দিক হলো, এই স্কুলটি কয়েকশো বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইসরায়েল ওই এলাকায় স্থল অভিযান সম্প্রসারণের পাশাপাশি ভয়াবহ বিমান হামলাও চালাচ্ছে।

আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খলিলি গাজা সিটি থেকে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সিভিল ডিফেন্স দল যখন ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষ উদ্ধার করতে গিয়েছিল, তখন তাদের ওপরও সরাসরি হামলা চালানো হয়। এতে সিভিল ডিফেন্সের অনেকে গুরুতরভাবে আহত হন এবং পরে তাদের মধ্যে একজন মারা যান।

অন্যদিকে, আল-আহলি আরব হাসপাতালের চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও দারাজ এলাকার এক বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত এবং অনেকে আহত হন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা।

ক্রমবর্ধমান সহিংসতার কারণে পরিস্থিতি এতই ভয়াবহ যে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বুধবার গাজা সিটিতে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। এর আগে গত সপ্তাহে চিকিৎসা সেবাদানকারী সংস্থা ডাক্তারস উইদাউট বর্ডারস (এমএসএফ) একই ঘোষণা দিয়েছিল।

আইসিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে তারা গাজা সিটির বেসামরিক জনগণকে সহায়তা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবে। তবে আপাতত দেইর আল-বালাহ ও রাফাহ অফিস সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে।