সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ৭ সদস্য নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৩:৩৪ পিএম

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ৭ সদস্য নিহত

ছবি - সংগৃহীত

পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান (ডিআই খান) শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) ভোরে এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ছয়জন হামলাকারী জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র ইয়াকুব খান আরব নিউজকে জানিয়েছেন, জঙ্গিরা প্রথমে প্রশিক্ষণ কেন্দ্রের মূল ফটকে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালায়। বিস্ফোরণের ফলে কেন্দ্রের দেয়ালের একাংশ ধসে পড়লে সশস্ত্র জঙ্গিরা ভেতরে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা জবাব দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। এই ঘটনায় সাতজন পুলিশ সদস্য নিহত এবং আরও ১৩ জন আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সকল হামলাকারী নিহত হয়। কেন্দ্রটিতে থাকা প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী ও কর্মীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

এই হামলার দায় প্রথমে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) স্বীকার করলেও পরে তারা সেই বিবৃতি প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে, ‘তেহরিক-e-জিহাদ পাকিস্তান’ (টিজেপি) নামে একটি নতুন জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, এই হামলার মাত্র একদিন আগে আফগানিস্তানের কাবুলে এক বিমান হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।