অক্টোবর ১৪, ২০২৫, ১০:২৭ এএম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থনে, মধ্যপ্রাচ্য এমন এক শান্তির পথে এগোচ্ছে যা আমি আশা করি দীর্ঘস্থায়ী হবে।” গাজায় যুদ্ধবিরতি চুক্তি এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর তিনি এই মন্তব্য করেন।মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাইডেন এই ঐতিহাসিক মুহূর্তের জন্য গভীর কৃতজ্ঞতা ও স্বস্তি প্রকাশ করেন।
তিনি তার পোস্টে লেখেন, “আমি গভীরভাবে কৃতজ্ঞ ও স্বস্তিবোধ করছি যে আজকের এই দিনটি অবশেষে এসেছে।” বাইডেন আরও বলেন, “অকল্পনীয় নরকযন্ত্রণা ভোগ করার পর মুক্তি পাওয়া ২০ জন ইসরায়েলি বন্দি এবং অপরিমেয় ক্ষতির মুখোমুখি হওয়া গাজার বেসামরিক মানুষদের জন্য আমি আনন্দিত, যারা এখন অবশেষে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন।”
এই চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি বর্তমান ট্রাম্প প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন।জো বাইডেন আশা প্রকাশ করে বলেন, এই শান্তি প্রক্রিয়া এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা সমানভাবে শান্তি, মর্যাদা ও নিরাপত্তা উপভোগ করতে পারবে।
উল্লেখ্য, সোমবার (১৩ অক্টোবর) যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এবং এর বিনিময়ে ইসরায়েলও প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যাদের প্রথম দলটি ইতোমধ্যে পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন