বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি গণহত্যা চলছে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১১:৪৬ এএম

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি গণহত্যা চলছে

ছবি - সংগৃহীত

গাজায় দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে বিশ্বনেতাদের উপস্থিতিতে শান্তি চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যখন নিজেদের বাড়িঘরে ফেরার চেষ্টা করছিলেন, তখনই গাজা শহরের শুজাইয়া মহল্লায় ইসরায়েলি সেনারা তাদের ওপর গুলি চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, ওই ব্যক্তিরা চুক্তিতে নির্ধারিত ‘নিরাপত্তা অঞ্চলের’ খুব কাছাকাছি চলে আসায় তাদের ওপর গুলি চালানো হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির অর্থ যদি হয় যে শুধু বিরোধীপক্ষ অস্ত্রবিরতিতে থাকবে আর তারা (ইসরায়েল) হামলা অব্যাহত রাখবে, তবে এমন শান্তি একটি অপমানজনক তামাশা ছাড়া আর কিছুই নয়।”

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজার বিভিন্ন ধ্বংসস্তূপের নিচ থেকে বেসামরিক নাগরিকদের লাশ উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫০টি লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনও ১০ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার মিশরের শারম আল-শেখ শহরে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে এই যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছিল।