অক্টোবর ২০, ২০২৫, ০৭:৪১ পিএম
রাশিয়া ঘোষণা করেছে, তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে "সকল ক্ষেত্রে" সহযোগিতা আরও বিস্তৃত করতে প্রস্তুত। সোমবার (২০ অক্টোবর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, দুই দেশের বর্তমান সম্পর্ক "অত্যন্ত গতিশীলভাবে বিকশিত হচ্ছে"।
ইউরোপীয় দেশগুলো যখন ইরানের পরমাণু চুক্তি নিয়ে নতুন করে চাপ সৃষ্টির চেষ্টা করছে, ঠিক তখনই তেহরানের সমর্থনে মস্কোর পক্ষ থেকে এই জোরালো বার্তা এলো।দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া পশ্চিমাদের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনাকে সমর্থন করে। তবে, তার মতে, "ইউরোপীয় ইউনিয়নের অগঠনমূলক অবস্থান" পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে।
তিনি বলেন, “ইউরোপীয়দের এই অবস্থান অবশ্যই এমন পরিস্থিতি তৈরি করছে, যা দিনের পর দিন আরও কঠিন হয়ে উঠছে। একটি সার্বভৌম দেশ হিসেবে ইরানের ওপর এভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি করার কোনো ভিত্তি নেই।”পেসকভ দৃঢ়তার সঙ্গে জানান, পশ্চিমা চাপ সত্ত্বেও রাশিয়া ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের কাজ অব্যাহত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন