অক্টোবর ২১, ২০২৫, ১১:১১ এএম
গাজা উপত্যকায় সবেমাত্র ৮ দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (১৯ অক্টোবর) রাতভর হামলায় গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করা হয়েছে বলে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন।
সোমবার (২০ অক্টোবর) ইসরায়েলের সংসদ ‘নেসেট’-এ দেওয়া এক ভাষণে নেতানিয়াহু এই তথ্য জানান। তিনি বলেন, “আমাদের এক হাতে অস্ত্র, আরেক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গেই স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়।”ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, রোববার হামাসের যোদ্ধারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে হামলা চালায়, এতে তাদের দুই সেনা সদস্য নিহত হন। এর ‘প্রতিশোধ’ হিসেবেই গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় এই বিমান হামলা চালানো হয়।
তবে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি লঙ্ঘনের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরাইলই গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করছে। তারা এই হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে মধ্যস্থতাকারীদের কাছে ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজকের এই পাল্টাপাল্টি হামলায় ভঙ্গুর এই শান্তি প্রক্রিয়া এখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন