নভেম্বর ৭, ২০২৫, ০৮:৩২ পিএম
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে “পারসোনা নন গ্রাটা” বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে পেরু। এর ফলে তিনি দেশটিতে প্রবেশ করতে পারবেন না। সম্প্রতি মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কয়েক দিনের মধ্যেই এই কঠোর পদক্ষেপ নিল পেরু সরকার।বার্তা সংস্থা ইয়াহু নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দেশটির কংগ্রেসে এই বিষয়টির ওপর ভোটাভুটি হয়, যেখানে ৬৩ জন পক্ষে এবং ৩৪ জন বিপক্ষে ভোট দেন।
এই ভোটাভুটির মাধ্যমে প্রতীকীভাবে শেইনবাউমের পেরুতে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।এই কূটনৈতিক বিতর্কের সূত্রপাত মেক্সিকোর একটি পদক্ষেপ থেকে। মেক্সিকো সরকার সাবেক পেরুভিয়ান প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে রাজনৈতিক আশ্রয় দেয়। চাভেজ গত সপ্তাহে রাজধানী লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন।
বেটসি চাভেজ: তিনি ২০২২ সালের কথিত এক অভ্যুত্থানচেষ্টার মামলায় অভিযুক্ত। অভিযোগ অস্বীকার করলেও, দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।পেরুর অভিযোগ: পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেলা মেক্সিকোর এই সিদ্ধান্তকে “অমিত্রসুলভ পদক্ষেপ” এবং পেরুর অভ্যন্তরীণ বিষয়ে “হস্তক্ষেপের শামিল” বলে উল্লেখ করেছেন।পেরু কংগ্রেসের সভাপতি ফার্নান্দো রোস্পিগ্লিওসি বলেন, এই সিদ্ধান্ত সরকার ও মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপকে সমর্থনের প্রতীক।
তবে পররাষ্ট্র সম্পর্ক কমিটির সদস্য সংসদ সদস্য এরনেস্তো বুস্তামান্তে আরও গুরুতর অভিযোগ এনেছেন। তিনি অভিযোগ করেন, শেইনবাউমের মাদক চোরাচালানকারীদের সঙ্গে সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আমরা এমন কাউকে আমাদের দেশে ঢুকতে দিতে পারি না, যিনি মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে আছেন।”অন্যদিকে, মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই কাজ করেছে এবং এটি পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। তবে এখনও পর্যন্ত লিমা সরকার চাভেজকে নিরাপদে মেক্সিকো যাত্রার অনুমতি দেয়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন