নভেম্বর ৭, ২০২৫, ১০:৩২ পিএম
২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে নানা কারণে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে ভারত নতুন করে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় বাংলাদেশ সীমান্তের পাশে একটি সামরিক ঘাঁটি চালু করেছে। পাশাপাশি, আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তেুলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেপ্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেছেন ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি, আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড, চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েনরত সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও সব ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান।
এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দফতর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন সামরিক স্টেশনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইস্টার্ন কমান্ড বলেছে, এই নতুন সামরিক স্টেশন অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।
ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই সামরিক স্থাপনাগুলো বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক পরিবর্তনের মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিলিগুরি করিডর (‘চিকেন'স নেক’)-এর নিরাপত্তা জোরদার করার একটি অংশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন