সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিজিবিতে সিপাহী পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০৪:৪৯ পিএম

বিজিবিতে সিপাহী পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি

বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তাদের ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের লক্ষে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিল পর্যন্ত নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য বিবেচিত হতে আবেদনকারীকে অন্তত এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ অর্জন করতে হবে। 

পুরুষ ও নারী উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত বা বিবাহিত প্রার্থীদের আবেদন করার কোনো সুযোগ নেই।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ পুরুষদের ওজন হতে হবে অন্তত ৪৯.৮৯৫ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকা বাধ্যতামূলক। 

অন্যদিকে সাধারণ নারী প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের জন্য ৫ ফুট নির্ধারিত করা হয়েছে। নারীদের ওজন ও বুকের মাপের ক্ষেত্রেও বিজিবির নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হবে। সকল প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বয়সসীমার ক্ষেত্রে ১৯ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে থাকতে হবে। অর্থাৎ যাদের জন্ম ২০ জুলাই ২০০৩ থেকে ১৯ জুলাই ২০০৮ তারিখের মধ্যে, তারাই কেবল যোগ্য বলে বিবেচিত হবেন।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৮০০ টাকা স্কেলে বেতন পাবেন। এর পাশাপাশি সরকারি বিধি মোতাবেক রেশন, চিকিৎসা সেবা, বাসস্থান এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। বিজিবির এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহীরা মোট ছয়টি ধাপ অনুসরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। 

আবেদনের জন্য সার্ভিস চার্জ হিসেবে ৫৬ টাকা পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের সময়ক্ষেপণ না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।