সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নৌবাহিনীতে চাকরির বড় সুযোগ, এসএসসি পাশেই আবেদন

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০২:১২ পিএম

নৌবাহিনীতে চাকরির বড় সুযোগ, এসএসসি পাশেই আবেদন

নৌবাহিনীতে নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনীতে বড় ধরনের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। মোট ৯টি ভিন্ন ভিন্ন শাখায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগ্রহী পুরুষ প্রার্থীরা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আগামী ২০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। 

সশস্ত্র বাহিনীর একটি গৌরবময় অংশ হিসেবে দেশ সেবায় আত্মনিয়োগ করতে ইচ্ছুক তরুণদের জন্য এটি একটি বিশাল সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ডিই বা ইউসি শাখার সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। 

এসব পদের জন্য বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া রেগুলেটিং, রাইটার, স্টোর এবং এমওডিসি শাখার জন্য জিপিএ ৩.০০ এবং মেডিকেল শাখার জন্য জীববিজ্ঞানসহ জিপিএ ৩.৫০ থাকতে হবে। 

কুক ও স্টুয়ার্ড পদের জন্য জিপিএ ২.৫০ থাকলেও আবেদন করা যাবে। টোপাস পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে অষ্টম শ্রেণি পাস। ১ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স নাবিক পদের জন্য ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি পদের জন্য ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সিম্যান ও এমওডিসি পদের জন্য ন্যূনতম উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। রেগুলেটিং শাখার জন্য উচ্চতা ১৭২.৫ সেন্টিমিটার বা ৫ ফুট ৮ ইঞ্চি এবং অন্যান্য সাধারণ শাখার জন্য ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা প্রয়োজন। 

আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত ও বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ৩০০ টাকা ফি প্রদান করে অনলাইনে ফরম পূরণ করতে হবে। দ্বৈত নাগরিকত্ব বা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত ব্যক্তিরা এই পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।নিয়োগের জন্য বাছাই পরীক্ষা আগামী ২৬ এপ্রিল থেকে ২৪ মে ২০২৬ পর্যন্ত ঢাকা, খুলনা ও চট্টগ্রাম এই তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রাথমিক শারীরিক পরীক্ষার পর লিখিত ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। 

চূড়ান্তভাবে নির্বাচিতরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন, ভাতা, বিনামূল্যে পোশাক, উন্নত চিকিৎসা ও রেশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া মেধাবী নাবিকদের জন্য বিদেশে প্রশিক্ষণ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ারও সুযোগ রয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।