নভেম্বর ১০, ২০২৫, ০২:২৮ পিএম
জুলাই হত্যা মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালসহ মোট তিনজনের রায়ের দিন এ মাসের ১৩ তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। এই গুরুত্বপূর্ণ মামলাটিকে ঘিরে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড ও এর আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এই পদক্ষেপের অংশ হিসেবে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,দেশের সর্বোচ্চ বিচারালয় হিসেবে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি ও হাইকোর্ট-আপিল বিভাগের বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করে থাকেন। এখানেই দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাসহ লক্ষাধিক গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির প্রবেশপথসংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগতদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই অনিয়ন্ত্রিত আনাগোনা সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

এই অবস্থায়, সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতীয় ঈদগাহ মাঠে সব ধরনের বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এই পদক্ষেপ মূলত দেশের বিচার ব্যবস্থার কেন্দ্রস্থলের সুরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে, বিশেষত একটি আলোচিত মামলার রায়ের দিন ঘোষণার প্রাক্কালে। আইন আদালত সংক্রান্ত সব কার্যক্রমের পরিবেশ নির্বিঘ্ন রাখতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন