সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
ব্রেকিং নিউজ

জুলাই-আগস্ট গণহত্যা: হাসিনার রায় ১৭ নভেম্বর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১২:২৪ পিএম

জুলাই-আগস্ট গণহত্যা: হাসিনার রায় ১৭ নভেম্বর

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ঐতিহাসিক মামলার রায় আগামী ১৭ নভেম্বর, সোমবার ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার দিন নির্ধারণের মাধ্যমে মামলাটি এখন চূড়ান্ত বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করল।

এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সাবেক আইজিপি মামুন ইতোমধ্যে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। তার এই জবানবন্দি মামলার রায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

রায় ঘোষণার দিন ধার্য করার সময় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা। দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গন ও জনমনে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই মামলার রায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত দেন, তা নিয়ে সকলের দৃষ্টি এখন আগামী সোমবারের দিকে।