নভেম্বর ১৮, ২০২৫, ০৩:২৯ পিএম
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং সারা দেশের অধস্তন আদালতগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি রাজিউদ্দীন আহমেদ-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার (১৮ নভেম্বর) এই আদেশ দেন।
হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলকে একটি কমিটি গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।আদালত একইসঙ্গে একটি রুলও জারি করেছেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না।
চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আইনজীবী মেহেদী হাসান জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। রিট আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিচারক, তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আদেশ জারি করা হয়েছিল। কিন্তু সেই আদেশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এই নিষ্ক্রিয়তার ফলেই বিচারকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ওমর ফারুক এবং মোকাদ্দাস আহমদ। শুনানিতে আইনজীবীরা জোর দিয়ে উল্লেখ করেন, অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারকদের বাসভবন এবং এজলাসের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সম্পূর্ণ ব্যর্থ। তারা ২০০৫ সালে দুজন বিচারককে হত্যার ঘটনা, বিচারকদের বাসায় চুরি, এবং সম্প্রতি রাজশাহী মহানগর দায়রা জজের ছেলেকে হত্যার মতো অপ্রীতিকর ঘটনাগুলোর কথা তুলে ধরেন।
আইনজীবীরা এই ধরনের ঘটনাকে বিচার বিভাগের জন্য 'অশনিসংকেত' বলে অভিহিত করেন। এই উদ্বেগজনক পরিস্থিতি বিবেচনায় নিয়েই হাইকোর্ট রুলসহ নির্দেশনা জারি করেছেন।হাইকোর্টের এই নির্দেশের ফলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এখন দ্রুততার সাথে একটি কমিটি গঠন করে আদালতের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন