জানুয়ারি ৫, ২০২৬, ০২:১৬ পিএম
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এর মধ্যে ৪ কোটি ৬২ লাখ টাকা মূল্যের তিনটি বিলাসবহুল গাড়ি এবং এক কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ১৭ বিঘা জমি রয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক জাহাঙ্গীর আলম এই সম্পত্তি জব্দের আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, আনিসুল হক ২০১৪ থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
তদন্তে আরও দেখা গেছে, সাবেক এই মন্ত্রীর ২৯টি ব্যাংক হিসাবে মোট ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা করা হয় এবং ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুদক মনে করছে, এই বিপুল পরিমাণ অর্থ পাচার বা 'মানিলন্ডারিং'-এর মাধ্যমে অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে রূপান্তর ও স্থানান্তর করা হয়েছে।শুনানি শেষে বিচারক জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং বিচার শেষে এই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সচল রাখতে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।
তা না হলে আসামি পক্ষ এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করে ফেলতে পারে, যা রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই মন্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে হত্যা ও দুর্নীতিসহ একাধিক মামলা চলমান রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন