শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশে কঠোর সতর্কতা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৪:২১ পিএম

সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশে কঠোর সতর্কতা

দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পর্কে কোনো প্রকার মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘আদালত অবমাননার’ দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে খবর রটেছে যে—জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করায় আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এবং বেঞ্চ প্রদান না করায় হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি ছুটিতে গিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন এই তথ্যকে ‘সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর এবং অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছে।প্রকৃত তথ্য হিসেবে বিজ্ঞপ্তিতে জানানো হয়:আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তাঁর মায়ের অসুস্থতাজনিত কারণে ছুটি গ্রহণ করেছেন।হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সাময়িকভাবে বিচারকার্যে অংশ নিতে পারছেন না।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ জনমনে ভ্রান্ত ধারণা তৈরি করে এবং বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এখন থেকে সুপ্রিম কোর্ট-সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের আগে সুপ্রিম কোর্টের মিডিয়া ফোকাল পার্সন অথবা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যথাযথ যাচাই ছাড়াই সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল। ভবিষ্যতে এমন অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।