জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:১৮ পিএম
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহীদ মাহমুদুল হাসান মাসুম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২২১ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালতের বিচারক মো. হাসান এই আদেশ দেন।
দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্র বা চার্জশিট গ্রহণ করে বিকেলে আদালত এই পরোয়ানা জারির নির্দেশ প্রদান করেন।
ফেনী কোর্ট পুলিশের ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে মামলার তদন্তকারী কর্মকর্তা ২২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। আদালত সেই অভিযোগপত্রটি আমলে নিয়ে পলাতক সকল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেয়।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এবং ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি।তালিকায় আরও নাম রয়েছে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন এবং পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায় যে আসামিদের সবাই বর্তমানে পলাতক থাকায় তাদের আইনের আওতায় আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।উল্লেখ্যযে ২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলাকালে ফেনীর মহিপাল এলাকায় গুলিতে গুরুতর আহত হন শিক্ষার্থী মাহমুদুল হাসান মাসুম। এর কয়েক দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাসুম সোনাগাজী উপজেলার চর চান্দিয়া এলাকার নোমান হাসানের ছেলে এবং ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন। এই ঘটনায় মাসুমের ভাই বাদী হয়ে ১৬২ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা করেছিলেন। আজ আদালত সেই মামলার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বড় এই আইনি ব্যবস্থা গ্রহণ করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন