বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় ঘোষণা করা হবে আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৫২ এএম

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় ঘোষণা করা হবে আজ

সাভারের আশুলিয়ায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হওয়ার পর ভ্যানে করে তাদের লাশ তুলে পুড়িয়ে দেওয়ার সেই বর্বরোচিত ঘটনার মামলার রায় হতে যাচ্ছে আজ। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করবেন। 

আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় পড়ার দিন ধার্য করেছেন। এটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তৃতীয় রায়। 

গত ১ ফেব্রুয়ারি আদালত এই তারিখ চূড়ান্ত করেন। এর আগে গত ২০ জানুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং বিবাদী পক্ষে আইনজীবী সৈয়দ মিজানুর রহমান চূড়ান্ত শুনানিতে অংশ নেন।

এই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী ও শাহিদুল ইসলামসহ মোট আটজন পুলিশ কর্মকর্তা। তবে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ অন্য আটজন আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগে মামলার বিচারিক কার্যক্রমে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে আদালতে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। 

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে যে, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরের পরপরই আশুলিয়া থানা এলাকায় পুলিশের গুলিতে বেশ কয়েকজন মারা যান। পরে অত্যন্ত নৃশংসভাবে একটি পুলিশ ভ্যানে লাশগুলো স্তূপ করে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। সেই লোমহর্ষক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ১১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এই সংক্রান্ত মামলাটি দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও সাক্ষী গ্রহণের পর আজ জাতি এই আলোচিত হত্যাকাণ্ডের ন্যায়বিচার দেখার অপেক্ষায় রয়েছে।