ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৪:০৪ পিএম
ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ সপ্তমবারের মতো পিছিয়েছে। পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা সিআইডি তা জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন।
গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা করেন। যদিও ডিবি পুলিশ ইতিপূর্বে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল, কিন্তু মামলার বাদী সেই প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে আদালতে `নারাজি` আবেদন দাখিল করেন।
বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।মামলায় অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে থাকলেও প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ ছয়জন এখনও পলাতক।
কারাগারে থাকা আসামিদের মধ্যে প্রধান অভিযুক্তের বাবা, মা ও স্ত্রীও রয়েছেন। অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিও রয়েছেন। সিআইডির অধিকতর তদন্তে প্রকৃত দোষীদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটিত হবে বলে আশা করছেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন