শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

৩ হত্যা মামলা থেকে হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৮:০৯ পিএম

৩ হত্যা মামলা থেকে হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি

ঢাকার আদালত প্রাঙ্গণ

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা তিনটি পৃথক হত্যা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আলোচিত এই তিনটি মামলাতেই তথ্যগত ভুল ছিল, যার ফলে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

নিহত তিন ব্যক্তি হলেন ট্রাকচালক মো. জাহাঙ্গীর, ওয়াসার পানির লাইনের মিস্ত্রি জাকির হোসেন এবং জুতা তৈরির কারখানার কর্মী রমজান মিয়া জীবন। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে, এই তিনজনের মৃত্যুর ঘটনায় ভাটারা থানায় পৃথক তিনটি মামলা করা হলেও মূলত তাদের মৃত্যুর স্থান ও প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। 

ভাটারা থানার ওই মামলাগুলো পরিবারের সদস্যদের বাইরে অন্য ব্যক্তিদের মাধ্যমে দায়ের করা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে জাহাঙ্গীর, জাকির ও জীবনের মৃত্যুর ঘটনা ভাটারায় ঘটেছে। কিন্তু নিহতদের পরিবারের সদস্যদের করা অন্য মামলার নথিপত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে।ট্রাকচালক জাহাঙ্গীরের পরিবারের দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, তিনি ২০২৪ সালের ২১ জুলাই আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এই ঘটনায় তার বাবা মো. বাছির শেখ সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় মামলা করেছিলেন। অন্যদিকে, জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা রোকেয়া বেগম কদমতলী থানায় মামলা করেন। সেখানে উল্লেখ করা হয় যে, ২০২৪ সালের ২১ জুলাই শনিরআখড়া থেকে ফেরার পথে কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।এছাড়া রমজান মিয়া জীবনের মৃত্যুর ঘটনাটি ঘটেছিল গত ৫ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর ২০২৫ সালের ৯ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

জীবনের বাবা জামাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পল্টন থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছিল। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু এই তিন ব্যক্তির মৃত্যুর স্থান ভাটারার আওতাধীন নয় এবং এ সংক্রান্ত মামলাগুলো অন্যত্র প্রক্রিয়াধীন রয়েছে, তাই ভাটারা থানার মামলায় শেখ হাসিনাসহ ৪৯৪ জনকে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য যে, এর আগে গত ২৫ জানুয়ারি প্রতিবেদন জমার দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তারা সময় আবেদন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আদালত আজ ২ মার্চ নতুন দিন নির্ধারণ করেছিল।