রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

আর এস ফাহিম গ্রেপ্তার: আদালতে যা ঘটল আজ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৬:৩৬ পিএম

আর এস ফাহিম গ্রেপ্তার: আদালতে যা ঘটল আজ

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে আসামির জামিন বিষয়ে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এই সময় মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাহিম চৌধুরীকে কারাগারে আটকে রাখার আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন সংবাদমাধ্যমকে জানান, আসামিপক্ষ আজই জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা গ্রহণ করে বিস্তারিত শুনানির জন্য পরদিন সময় নির্ধারণ করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিম চৌধুরীকে আটক করে সাধারণ জনতা ও একদল শিক্ষার্থী। আটকের পর তাকে শাহ আলী থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন কয়েক হাজার মানুষ। তৎকালীন সরকারের নির্দেশনায় আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন। সেই সময় মো. ইমরান নামে এক যুবক কর্মস্থল থেকে ফেরার পথে মিছিলে সংহতি জানিয়ে স্লোগান দিলে অজ্ঞাতনামা আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ২০২৫ সালের এপ্রিল মাসে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

আর এস ফাহিম চৌধুরী ইউটিউব ও ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মুখ হলেও তিনি মোহাম্মদপুরের সাবেক কমিশনার তারেকুজ্জামান রাজীবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবেও পরিচিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কয়েক মাস দেশের বাইরে অবস্থান করেছিলেন। গত ২১ ফেব্রুয়ারি দেশে ফিরে তিনি আবারও সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করতে শুরু করেন। তার দেশে ফেরার বিষয়টি জানাজানি হওয়ার পর ‘জুলাই মঞ্চ’ নামের একটি সংগঠন তাকে গ্রেপ্তারের দাবি তুলে আসছিল। সেই ধারাবাহিকতায় আজ তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো।