রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ১২:২৪ পিএম

হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

চার্জশিট দাখিল

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিক হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার (৩ মে) সকালে সংশ্লিষ্ট আদালতের জিআর শাখায় এই চার্জশিট জমা দেওয়া হয়। একই সঙ্গে এ মামলা থেকে নাম প্রত্যাহার করে ১২৭ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ।

শেখ হাসিনা ছাড়াও চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এ তালিকায় আরও নাম রয়েছে সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেলের।

মামলার নথিসূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে গুরুতর আহত হন ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক। 

এ ঘটনায় আহত আশিক নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক এজাহারে শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয়েছিল এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছিল।পুলিশ তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ শেখ হাসিনাসহ ৪০ জনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করল। অন্যদিকে তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় এজাহারভুক্ত ১২৭ জনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে, জুলাই বিপ্লবের সময় মোহাম্মদপুর এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশদাতা এবং সরাসরি অংশগ্রহণের অভিযোগে এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। সুশৃঙ্খলভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।