মে ৭, ২০২৬, ০৬:০৭ পিএম
জুলাই বিপ্লবের সময় ফেনীতে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ প্রদান করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এদিন এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মঞ্জুর বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।
বৃহস্পতিবার সকালে মাসুদ উদ্দিন চৌধুরীকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে অ্যাডভোকেট মিজানুল ইসলাম তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করা হয়। ট্রাইব্যুনাল শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এবং তাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।আদালত এই মামলার অগ্রগতি পর্যালোচনা করে আগামী ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ প্রদান করেছে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ ভোররাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। জুলাই বিপ্লবের সময় ফেনী এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল। বর্তমানে তিনি এই মামলার প্রধান আসামিদের একজন হিসেবে ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার রয়েছেন। মামলার পরবর্তী কার্যক্রম ২১ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের পর নির্ধারিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন