রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক-এগারোর অপরাধের নেপথ্য নায়ক মাসুদ চৌধুরী: প্রসিকিউটর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৩:৫৩ পিএম

এক-এগারোর অপরাধের নেপথ্য নায়ক মাসুদ চৌধুরী: প্রসিকিউটর

সাংবাদিকদের ব্রিফ করছেন আমিনুল ইসলাম

এক-এগারোর সময়ের মানবতাবিরোধী অপরাধের নেপথ্য মহানায়ক ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি বলেন, ওই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনসহ যেসব অপরাধ সংঘটিত হয়েছিল, তার মূলে ছিলেন মাসুদ চৌধুরী।

চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মাসুদ উদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজনকে ‍‍`ডিফেক্টো গভর্নমেন্ট‍‍` বা প্রকৃত সরকার হিসেবে অভিহিত করা হতো। মূলত তাদের নির্দেশেই তখন পুরো সরকার ব্যবস্থা পরিচালিত হতো।

তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আমিনুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীকে একটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। গত ৭ এপ্রিল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এরপর তদন্তের স্বার্থে তাকে সেফ হোমে নিয়ে এক দিনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শনিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে উল্লেখ করে প্রসিকিউটর বলেন, সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে তাকে আরও দুই দিন সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কেবল এক-এগারোর ঘটনাই নয়, আরও বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। চিফ প্রসিকিউটর জানান, বিগত জুলাই আন্দোলনে তার ভূমিকা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তাধীন রয়েছে। সব অভিযোগ যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হলে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।