মে ১৮, ২০২৬, ১২:৫৮ পিএম
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৮ মে) ঢাকার ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ এই আবেদন করেছিলেন।দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথিতে বলা হয়, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের এজেন্ট হিসেবে নিয়োগ পান। সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকা হলেও তারা শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। এভাবে অবৈধভাবে তারা মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন।
এই অর্থ অবৈধ পন্থায় রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে পাচার করায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে দুদকের আবেদনে উল্লেখ ছিল। এর আগে গত ২২ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করেছিল ডিবি পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন