রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৫:৫৫ পিএম

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকার বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন শুনানির দিন পিছিয়ে আগামী ২১ জুন ধার্য করেছেন আদালত। রোববার (১০ মে) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলাটির চার্জগঠন শুনানির দিন নির্ধারিত ছিল।

শুনানি চলাকালে আনিসুল হককে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন আদালতে সময়ের আবেদন করেন। তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই মন্ত্রীর বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। সেখানে তার লাইসেন্সকৃত বৈধ অস্ত্রটিও লুট হয়। 

এ বিষয়ে নথিপত্র সংগ্রহ করার জন্য আসামিপক্ষের সময়ের প্রয়োজন।অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম কাইয়ুম এই সময়ের আবেদনের বিরোধিতা করেন। 

আদালত উভয়পক্ষের শুনানি শেষে আসামিপক্ষের আবেদন মঞ্জুর করেন এবং আগামী ২১ জুন চার্জগঠন শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন।মামলার বিবরণ অনুযায়ী, আনিসুল হক বনানী থানার অধীনে তার নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে সেগুলো জমা দেওয়ার নির্দেশ দেয়। 

তবে আনিসুল হক নির্দিষ্ট সময়ের মধ্যে বা পরবর্তী দীর্ঘ সময়েও তার লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি কিংবা এ বিষয়ে পুলিশকে কিছু জানাননি।পরবর্তীতে তদন্তে তার অস্ত্রের কোনো হদিস না মেলায় এবং আইন অমান্য করায় বনানী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার এসআই মো. জানে আলম দুলাল সম্প্রতি আনিসুল হককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কারান্তরীণ রয়েছেন।